
করোনা আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে, ঠিক সে মুহূর্তে সবকিছু শিথিল করায় সংক্রমণ বাড়বে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা। আর সেজন্য বিস্তর গবেষণার প্রয়োজন ছিল বলেও মনে করেন তারা। তবে করোনা প্রতিরোধে দেশের সব অঞ্চলকে তিনটি ক্ষেত্রে ভাগ করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল।
মার্চের শুরুতে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর, মহামারি আশংকায় ২৬ মার্চ থেকে জরুরী সেবা ছাড়া দেশের সব কিছু বন্ধ করে দেয়া হয়। তবে গত কয়েকদিনে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গেল দুই দিনেই আক্রান্ত হয়েছে প্রায় ৫ হাজার আর মারা গেছে ৬২ জন।
তবে মানুষের জীবিকা ও দেশের অর্থনীতি সচল রাখতে, পহেলা জুন থেকে সরকার সীমিত আকারে অফিস আদালত আর্থিক প্রতিষ্ঠান ও গণপরিবহন খোলার যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন, আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক বে-নজীর আহমেদ। সবকিছু খুলে দেয়ার আগে এ বিষয়ে বিস্তর গবেষণার প্রয়োজন ছিল বলেও মনে করেন তিনি।
এমন অবস্থায় করোনা নিয়ন্ত্রণে, সবক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল। করোনা নিয়ন্ত্রণে আসা না পর্যন্ত সরকার তৎপর থাকবে বলেও জানান মন্ত্রী।
বুলবুল আহমেদ, বাংলাটিভ



