প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির জেরে শিক্ষার্থীর আত্মহত্যা

টঙ্গীর ৪৫ নং ওয়ার্ডে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে দশম শ্রেণি এক ছাত্রী। সোমবার (১ জুন) রাত ৮ টার সময় টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর ভুঁইয়া পাড়া এলাকার মোঃ শুক্কুর আলীর বাড়ির ভাড়াটিয়া মোসাঃ ফারজানা আক্তার (১৮) গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।
নিহত ফারজানা টঙ্গীর আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলের ১০ম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। ফারজানা মাদারীপুর জেলা চন্দ্রস্নান গ্রামের মোঃ জসিম উদ্দিনের বড় মেয়ে। নিহত ফারজানার মাতা ময়না বেগম টঙ্গীর বিসিক এলাকার ট্রিবলী গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, এসময় বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি করে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরিবারে বরাত দিয়ে পুলিশ জানায়, ফারজানা দীর্ঘদিন আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনার দিন রাতে মুঠোফোনে প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



