কক্সবাজার দেশের প্রথম রেড জোন

করোনা সংক্রমণ ঠেকাতে কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন ঘোষণা করেছে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। শুক্রবার (৫ জুন) বিকালে এ সংক্রান্ত একটি জরুরী বিজ্ঞপ্তি জারি করে শনিবার থেকে ২০ জুন পর্যন্ত পৌর এলাকা লকডাউনের আওতায় থাকবে বলে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ কার্যকর ও অধিকতর দক্ষতার সাথে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সমগ্র পৌরসভাকে রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে।
রেড জোনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বিবেচনায় ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত নিম্নবর্ণিত নির্দেশনা প্রদান করা হল। কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬৩ দিনে মোট ৭ হাজার ৩৫১ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। তার মধ্যে ৯৫৮ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেছে। এতে কক্সবাজার জেলার রয়েছে ৮৭৭ জন। যার মধ্যে সর্বোচ্চ আক্রান্ত কক্সবাজার সদর উপজেলায়। যেখানে ৩৬৪ জন শনাক্ত হয়েছে।
এছাড়া মহেশখালীতে ৩৪ জন, টেকনাফে ৪১ জন, উখিয়ায় ১১০ জন, রামু ৫৩ জন, চকরিয়ায় ১৮৯ জন, কুতুবদিয়ায় ৩ জন এবং পেকুয়ায় ৪৭ জন রয়েছে। এর সাথে রোহিঙ্গা ক্যাম্পের ৩৫ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের চাঁদগাঁও, সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।



