করোনা: দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগির সংখ্যা ৫১৭ জন।
এদিকে, আখাউড়ায় করোনায় আতাউর রহমান সেলিম নামে এক ব্যক্তি মারা গেছেন। সংস্পর্শে থাকা তার স্ত্রী শাহিনুর আক্তার করোনা আক্রান্ত হয়েছেন। সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চার দিনে ৮ জনের মৃত্যু হয়েছে।
চাঁদপুরে করোনায় আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর বাড়তি চাপ সামাল দিতে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড স্থানান্তর করা হয়েছে। পৃথক ভবন থেকে হাসপাতালের মূল ভবনের দ্বিতীয়তলার পুরুষ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। অন্যদিকে, বরিশালে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক, মেট্রোপলিটন পুলিশের ১১ জন সদস্যসহ নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে, কুমিল্লায় নতুন করে ১০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১হাজার ২শ ৬৮ জন। পাবনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জন, খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৩৫ জন, সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবা ছেলেসহ আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।



