যুক্তরাষ্ট্রে পুলিশের ৫৭ কর্মকর্তার পদত্যাগ

যুক্তরাষ্ট্রে ফ্লয়েড হত্যাকান্ডের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বাফেলো শহরে পুলিশের স্পেশাল রেসপন্স টিম থেকে পদত্যাগ করেছেন ৫৭ কর্মকর্তা।
তবে তারা চাকরি থেকে পদত্যাগ করেননি। নিজেদের ইমার্জেন্সি রেসপন্স ইউনিট থেকে প্রত্যাহার করে নিয়েছেন। এরইমধ্যে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো পুলিশের আক্রমণাত্মক আচরণের সমালোচনা করেছেন।
বরখাস্ত হওয়া ওই দুই পুলিশ কর্মকর্তা জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভের সময় এক বৃদ্ধের সঙ্গে অশোভন আচরণ করেন। তারা ৭৫ বছরের এক বৃদ্ধকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। এই ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রতিবাদ ও সমালোচনা তীব্র হয়ে উঠে।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের অধিকার লঙ্ঘনের মামলা করেছে মানবাধিকার সংগঠনগুলো।



