করোনা: মফস্বলেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পাবনায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯ জন।
বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বগুড়ার করোনা ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বগুড়ায় গত ৪৮ ঘন্টায় ৪ জনের মৃত্যু হলো।
নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। সিলেট সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হয়েছেন। ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। বরিশালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে, আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আঁক গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। চাঁদপুর সদর, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও শাহরাস্তিতে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮১ জন।
ঝালকাঠিতে নতুন করে ২ জন পুলিশ সদস্যসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়। নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে হাইওয়ে পুলিশের এক এটিএসআইসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে দেশে, একদিনে আরো ২ হাজার ৬৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৫ জন করোনায় চিকিৎসাধীন রোগি মারা গেছেন।
ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৮৪৬ জন। নতুন সুস্থ হয়েছেন ৫২১জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়।



