আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ফ্লয়েড হত্যায় অভিযুক্ত পুলিশের জামিনে লাগবে এক মিলিয়ন ডলার

মার্কিন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যায় অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ জামিন নিতে চাইলে এক মিলিয়ন মার্কিন ডলার গুনতে হবে। আট মিনিট ৪৬ সেকেন্ড ধরে জর্জ ফ্লয়েডের ঘাড়ের উপর হাঁটু গেড়ে বসেছিলেন ৪৪ বছর বয়সী ডেরেক চাওভিন। শ্বাসরোধে এবং মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড।

২৫ মে জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক বিক্ষোভের জেরে আটক করা হয়েছে ডেরেক চাওভিনকে। বর্তমানে তিনি ওয়াক পার্ক হেইটস কারাগারে বন্দি আছেন। সেখান থেকেই ভিডিও কনফারেন্সে তার শুনানি করেন বিচারক ডেনিস রেইলি।

হেনেপিন কাউন্টির ওই বিচারক জানান, শর্ত মেনে জামিন চাইলে এক মিলিয়ন ডলার দিতে হবে, অন্যথায় এক দশমিক ২৫ মিলিয়ন ডলার গুনতে হবে চাওভিনকে। শর্তগুলোর মধ্যে রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসহযোগিতামূলক কোনো কাজ করা যাবে না এবং জর্জ ফ্লয়েডের পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগোযোগের চেষ্টা করা যাবে না।

সেই সঙ্গে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র থাকলে তা জমা দিতে হবে এবং যে কোনো দেশের ভিসা কিংবা পাসপোর্টও রাখা যাবে না। আর তার ফলেই সাময়িক জামিন পাওয়া যাবে। আসামি পক্ষের অ্যাটর্নি এরিক নেলসন এ ব্যাপারে কোনো দ্বিমত করেননি। চাওভিনের পরবর্তী শুনানি রয়েছে ২৯ জুন।

সংশ্লিষ্ট খবর

Back to top button