দেশবাংলা

স্বামীর মারপিটের শিকার নারীর পাশে দাঁড়ালেন মাশরাফি

স্বামীর মারপিটের শিকার হয়ে রাস্তায় পড়েছিলেন গৃহবধূ ইতি খানম। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। এরপর পুলিশ প্রহরাতেই স্বামীর বাড়িতে ফিরেছেন ইতি। তার নিরাপত্তা ও সহযোগিতার জন্য দুজন চৌকিদার নিযুক্ত করা হয়েছে।

আর এসবই ঘটেছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার হস্তক্ষেপে। গৃহবধূ ইতির স্বামী তিতাস কাজী পলাতক।

জানা যায়, উপজেলার ইতনা গ্রামের হারুন অর রশিদের মেয়ে ইতি খানমের বিয়ে হয় ২০১৮ সালে। বর একই গ্রামের মামাতো ভাই তিতাস কাজী। দুই পরিবারের বিরোধ থাকায় দাম্পত্য জীবন শুরু থেকেই ছিল অশান্তির। তিতাস কাজী ঢাকায় একটি কোম্পানিতে কর্মরত। গত ১ জুন স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন তিতাস।

আট মাসের অন্তঃসত্ত্বা ইতি অচেতন অবস্থায় পড়েছিলেন রাস্তায়। আশপাশের লোকজন পুলিশে খবর দিলে তাকে উদ্ধারের ব্যবস্থা হয়। এদিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও স্বজনরা তার খোঁজ নিচ্ছিলেন না। এ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতির করুণ অবস্থার কথা জানতে পারেন সংসদ সদস্য মাশরাফি।

আর এমপির নির্দেশনার পর পরিস্থিতি পাল্টে যায় দ্রুত। অবশেষে নিজ ইচ্ছায় স্বামীর বাড়িতে ফিরেছেন ইতি। সোমবার দুপুরে লোহাগড়া থানা পুলিশ হাসপাতাল থেকে গাড়িতে করে ইতিকে স্বামীর বাড়িতে পৌঁছে দেয়।

অসুস্থ ইতির দেখভালের জন্য একজন নারী গ্রাম চৌকিদার নিযুক্ত করা হয়েছে সার্বক্ষনিক থাকার জন্য। আরেকজন চৌকিদার তার বাজারঘাট করে দেবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button