সৌদিতে ২৪৬ বাংলাদেশি করোনায় মারা গেছেন

সৌদি আরবে লক্ষাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ২৪৬ জন বাংলাদেশি এ পর্যন্ত মারা গেছেন।করোনা মোকাবেলায় দেশটির সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, হাসপাতালে রোগীদের স্থান সংকুলান না হওয়ায়, ইতোমধ্যে জেদ্দায় ৮ হাজার মিটার দীর্ঘ অস্থায়ী হাসপাতাল বানানো হয়েছে, যাতে ৫০০ রোগীকে একসাথে চিকিৎসা দেয়া যাবে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রী তৌফিক আল রাবিয়া এক টুইট বার্তায় জানান, করোনার জন্য বিশেষায়িত হাসপাতালগুলোর পাশাপাশি রিয়াদ, আল হাসা, আল কাশিম, জেদ্দা, মক্কা ও মদীনায় ৩১টি ক্লিনিক চালু করা হয়েছে। বাকী শহরগুলোতেও চালু করা হবে।
এদিকে, বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈধ অবৈধ সকল প্রবাসীদেরকেই স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। প্রয়োজনে ৯৩৭ নম্বরে কল করে সেবা নেয়া যাবে। এছাড়া, বর্তমান পরিস্থিতিতে যারা সৌদি আরবে মারা গেছেন, তাদের মরদেহ স্থানীয়ভাবেই দাফনের অনুমতি দেয়ার জন্য, পরিবারগুলোকে অনুরোধ করা হয়েছে।
এতে, তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ক্ষতিপূরণ পাওয়া নিয়ে কোনো সমস্যা হবেনা বলেও নিশ্চিত করা হয়েছে।
সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি



