জনতার ঢল জর্জ ফ্লয়েডের শেষকৃত্যে

পুলিশের হেফাজতে মৃত্যু হওয়ার দুই সপ্তাহ পর আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে সমাহিত করা হয়েছে। এর আগে হিউস্টনের চার্চে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন হাজারো মানুষ। অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত সবাই বিশ্বের সব বর্ণের মানুষের জন্য সুবিচার নিশ্চিতের দাবি জানান।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ৯ জুন হিউস্টনের ফাউন্টেন অব প্রেজ গির্জায় ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে মরদেহ প্রায় ছয় ঘণ্টা রাখা হয়। প্রথমে মোটরগাড়িতে করে তাঁর মরদেহ হিউস্টন মেমোরিয়াল গার্ডেনসে নিয়ে আসা হয়।
এরপর সব আনুষ্ঠানিকতা সেরে ঘোড়ার গাড়িতে করে মরদেহ পিয়ারল্যান্ড সিমেট্রিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত হরা হয়।
হিউস্টনের ফাউন্টেন অব প্রেইস গির্জায় অনুষ্ঠিত ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠানে তারকা, রাজনীতিকসহ প্রায় ৫০০ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আল গ্রিন বলেন, ‘জর্জ ফ্লয়েডের একমাত্র অপরাধ ছিল, তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন।’
মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড নামের এক আফ্রিকান-আমেরিকানকে গত ২৫ মে গ্রেপ্তার করতে গিয়ে নির্যাতন করেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। এতে সাবেক বাস্কেটবল খেলোয়াড় ফ্লয়েডের মৃত্যু হয়। এ ঘটনায় ডেরেক চাওভিনসহ চার পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করে তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
ফ্লয়েড হত্যার ঘটনায় ২৬ মে থেকে শুরু হওয়া বিক্ষোভ গত ১১ দিন ধরে বড় বড় নগরীতে হয়েছে। ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। প্রায় ১২ হাজার লোক এ আন্দোলনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে মনে করা হচ্ছে।



