
করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় অফিস খোলা ও জনসাধারণের চলাচলের বিষয়ে সোমবার নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে আগামী ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে সীমিত পরিসরে অফিস খোলা রাখার কথা বলা হয়েছে। তবে রেড জোন সাধারণ ছুটির আওতায় থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, রেড জোনে অবস্থিত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দফতরসমূহ বন্ধ থাকবে। এবং যেকোনো রেড জোনে বসবাসকারী বর্ণিত দফতরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। ইয়েলো ও গ্রিনজোনে সীমিত আকারে চলবে অফিস।
রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। এছাড়া, শর্তসাপেক্ষে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অফিসে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল সরকার, নতুন ঘোষণায় সেটি বাড়ানো হলো। এদিকে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।



