
করোনা সংক্রমণ বাড়তে থাকায়, ব্যাংকিং লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সারাদেশে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
তবে লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। আর রেড জোনে সাধারণত শাখা বন্ধ থাকবে। এছাড়া মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত হলেও ২টা পর্যন্ত লেনদেন এবং দুপুর ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।
এর আগে, রেড জোনে সাধারণ ছুটি থাকবে বলে এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তর সোমবার রেড জোনের নির্দেশাবলি জারির পর কেন্দ্রীয় ব্যাংকও ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর/সিটি করপোরেশন/জেলা প্রশাসক কর্তৃক ঘোষিত ‘রেড জোন’ এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাগুলো সাধারণত বন্ধ থাকবে। তবে শাখার খোলা রাখা সংক্রান্ত বিষয়ে প্রশাসনের ভিন্ন কোনো নির্দেশনা থাকলে সীমিত জনবল নিয়ে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত লেনদেনের জন্য খোলা রাখা যাবে। এ সব শাখায় ব্যাংকের আনুষঙ্গিক অন্যান্য কাজের জন্য দুপুর দেড়টা পর্যন্ত খোলা রাখা যাবে।



