আইন-বিচারবাংলাদেশ

চিকিৎসা সেবা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশনা স্থগিত চেয়ে আবেদন

করোনাভাইরাস পরিস্থিতিতে, রোগীদের সেবা নিশ্চিত করতে হাইকোর্টের দেয়া ১১ দফা নির্দেশনা স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে রাষ্ট্রপক্ষ এ আবেদন করে বলে জানিয়েছেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। করোনাকালে রোগীদের ফিরিয়ে দেয়া, অবহেলায় মৃত্যু, আইসিইউ বণ্টন, বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ, অক্সিজেন সরবরাহ ও ঢাকা সিটি লকডাউন নিয়ে ১১টি নির্দেশনা ও অভিমত দিয়েছিল হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের দেয়া ওই ১১টি নির্দেশনা স্থগিত চেয়ে আজ মঙ্গলবার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে, করোনাকালে দেশের সব হাসপাতাল ও ক্লিনিক থেকে সাধারণ রোগীদের ফিরিয়ে না দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে করা রির্টের শুনানি শেষে গতকাল ১১ দফা আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গেল শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে দেশের সব হাসপাতাল ও ক্লিনিক থেকে সাধারণ রোগীদের ফিরিয়ে না দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়।

রিটে রোগীদের চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে ফেরত দেয়ার ঘটনায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এরপর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

সংশ্লিষ্ট খবর

Back to top button