উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলে রাখলে জরিমানা: ওয়াসাকে তাপসের হুঁশিয়ারি

উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলে রাখলে জরিমানা করা হবে বলে ওয়াসাকে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার ডিএসসিসির ২২ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমায় ‘বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় জনগণকে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানিয়ে তাপস বলেন, কোথাও যদি নর্দমা আটকে যায়, যদিও উপছে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয় তাহলে সরাসরি আমাকে জানাবেন।
এর আগে সকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস নগরীর ৩৩ নং ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমায়ও বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম উপস্থিত ছিলেন।



