
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।
রোববার দুপুর ১২টা ২ মিনিটে ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটে যাত্রী সংখ্যা ১৮৭। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, লন্ডনের ফ্লাইট রোববার সকাল ১২টা ২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।
বিমানের এই কর্মকর্ত আরো জানান, বিমানটি পুরোপুরি জীবানুমুক্ত করার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সার্টিফিকেট দেয়। তারপর নিয়ম অনুযায়ী যাত্রীদের হ্যান্ড গ্লাভস, গগজ ও নিরাপত্তা সামগ্রি দেয়া হয়। তাদের স্বাস্থ্যকার্ড দেয়া হয়। সেটি পূরণ করার পর স্বাস্থ্য বিধি অনুযায়ী বিমানে তোলা হয় যাত্রীদের।
এর আগে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ১৬ জুন থেকে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক।
তবে কাতারে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তাই যাত্রীরা শুধু ট্রানজিট হিসেবে কাতার ব্যবহার করে অন্যান্য দেশে যেতে পারবেন।



