জামিন পেলেন আলোচিত সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

স্ত্রী ও সন্তান হারানোর শোকাবহ ঘটনার তিনদিন পর জামিন পেলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মানবিক দিক বিবেচনা করে তার এই জামিন মঞ্জুর করেন।
গত বছরের ৫ এপ্রিল থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন জুয়েল হাসান সাদ্দাম। তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, স্ত্রী ও সন্তানের মর্মান্তিক মৃত্যুর বিষয়টি আদালতকে অবহিত করা হলে আদালত তাকে ৬ মাসের জামিন প্রদান করেন।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ এবং ৯ মাসের শিশু সন্তান নাজিমের নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
গত শনিবার (২৪ জানুয়ারি) যশোর জেলগেটে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয় সাদ্দামকে। মাত্র পাঁচ মিনিটের জন্য তাকে এই হৃদয়বিদারক বিদায়ের সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ।
সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বিষয়টি স্পষ্ট করে।
মন্ত্রণালয় জানায়, সাদ্দামের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য যশোর জেলা প্রশাসক বা জেল কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত আবেদন করা হয়নি।
পরিবারের মৌখিক ইচ্ছার প্রেক্ষিতেই দ্রুততম সময়ে জেলগেটে লাশ দেখানোর ব্যবস্থা করা হয়।
জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ মানবিক দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং গণমাধ্যমে প্রকাশিত ‘আবেদন প্রত্যাখানের’ খবরটি সঠিক নয় বলে মন্ত্রণালয় দাবি করে।



