বাংলাদেশরাজনীতি

২২ বছর পর খুলনার জনসভা মঞ্চে তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর খুলনার মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি যোগ দেন। তার আগমনে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

সবশেষ ২০০৫ সালে খুলনা সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে সকাল থেকেই মুখরিত ছিল খালিশপুর। নেতাকর্মীরা ধানের শীষের প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে মিছিলে সমাবেশস্থল ভরিয়ে তোলেন। তিনি মঞ্চে আরোহণ করলে উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান।

মঞ্চে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের ১৪টি আসনের প্রার্থীরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন-আমীর এজাজ খান (খুলনা-১), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রকিবুল ইসলাম (খুলনা-৩), এস কে আজিজুল বারী (খুলনা-৪), মোহাম্মদ আলি আসগার (খুলনা-৫), এস এম মনিরুল হাসান বাপ্পী (খুলনা-৬); হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আব্দুর রউফ (সাতক্ষীরা-২), কাজী আলাউদ্দীন (সাতক্ষীরা-৩), মনিরুজ্জামান (সাতক্ষীরা-৪); কপিল কৃষ্ণ মন্ডল (বাগেরহাট-১), শেখ মোহাম্মদ জাকির হোসেন (বাগেরহাট-২), শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩) ও সোম নাথ দে (বাগেরহাট-৪)।

বেলা ১১টায় পবিত্র কোরআন ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা সভায় সভাপতিত্ব করেন।

খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টায় তিনি হেলিকপ্টারযোগে যশোরের উদ্দেশে রওনা হন। সেখানে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার আরেকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

সেখানকার জনসভা শেষে বিএনপি নেতা হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button