রাজনীতি

জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে এক পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, জামায়াত বাংলাদেশকে প্রগতির বদলে পেছনের দিকে ঠেলে দিয়ে আফগানিস্তানের মতো রাষ্ট্র বানাতে চায়।

মির্জা ফখরুল জামায়াত নেতাদের সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, জামায়াত নারীদের ঘরের বাইরে কাজ করার বিরোধী। তারা এমনকি গার্মেন্টসে নারীদের কাজের সময় ৫ ঘণ্টায় সীমাবদ্ধ করার অবাস্তব প্রস্তাব দিচ্ছে।

নারীরা যদি স্কুল-কলেজে না যায়, তবে তারা যোগ্য হয়ে উঠবে না এবং কর্মসংস্থান হারাবে। নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।

ইসলাম ধর্ম নারীকে যে অধিকার দিয়েছে, বিএনপি তা রক্ষা করতে বদ্ধপরিকর। বাংলাদেশের বিপুলসংখ্যক নারী জনশক্তিকে ঘরে বসিয়ে রাখার চিন্তা অবাস্তব ও অন্যায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা পেছনে নয়, সামনে এগোতে চাই। নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেই বাংলাদেশকে উন্নত করতে হবে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, যারা সাধারণ মানুষকে ঘরে বসিয়ে রেখে টাকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তারা মূলত প্রতারণা করছে। কোনো সরকারই কাজ ছাড়া কাউকে টাকা দেবে না। তিনি জনগণকে এই ধরনের ‘বাটপারি’ থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

সোমবার দুপুরে লালমিয়া মার্কেটে আয়োজিত এই পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button