উইন্টার ইজ কামিং: চট্টগ্রামে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার

জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অভ থ্রোন্স’-এর আমেজ এবার দেখা গেল চট্টগ্রামের রাজনীতিতে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি ব্যবহার করে তৈরি করা এই ব্যতিক্রমী ব্যানার এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।
চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় সাঁটানো এই ব্যানারে তাকে সিরিজের আদলে উপস্থাপন করা হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
ব্যানারটিতে দেখা যাচ্ছে, ডা. শফিকুর রহমান হাতে তলোয়ার আকৃতির একটি দাঁড়িপাল্লা নিয়ে বীরদর্পে দাঁড়িয়ে আছেন। ওপরে বড় অক্ষরে লেখা সিরিজের সেই বিখ্যাত সংলাপ—‘উইন্টার ইজ কামিং’। ব্যানারটির নিচে সৌজন্যে লেখা রয়েছে ‘দাদু ফ্যান ক্লাব, চট্টগ্রাম’।
মূলত ডা. শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আগমণকে কেন্দ্র করেই ভক্তরা এটি তৈরি করেছেন।
এই ব্যানার নিয়ে আলোচনা শুরু হলেও জামায়াত বা ছাত্রশিবিরের নেতারা জানিয়েছেন, এর সঙ্গে সংগঠনের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই।
চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় জানান, এটি সম্ভবত ডা. শফিকুর রহমানের অনুসারী বা ‘ফ্যান বেইজ’-এর কাজ। অনলাইনে ছবিগুলো ভাইরাল হওয়ার পর কেউ হয়তো অতি উৎসাহী হয়ে এগুলো প্রিন্ট করে টাঙিয়েছেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী জানান, সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি এবং বিষয়টি সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিলেন না।
‘গেম অভ থ্রোন্স’ সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ বা ‘শীত আসছে’ কথাটি দিয়ে মূলত আসন্ন কোনো বড় বিপদ বা পরিবর্তনের সংকেত দেওয়া হয়। সেখানে স্টার্ক পরিবার এই মন্ত্রের মাধ্যমে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
চট্টগ্রামের এই ব্যানারেও সেই একই থিম ব্যবহার করা হয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, রাজনৈতিক পটপরিবর্তন বা আসন্ন নির্বাচনি লড়াইকে ইঙ্গিত করতেই হয়তো শৌখিন ভক্তরা এই রূপক ব্যবহার করেছেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; কেউ কেউ বিষয়টিকে সৃজনশীল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সমালোচনাও করছেন।



