বাংলাদেশ

কোনো রাজনৈতিক ‘বড় ভাইয়ের’ দাপট চলবে না: তাসনিম জারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা জানিয়েছেন, নির্বাচিত হলে এই এলাকায় কোনো রাজনৈতিক ‘বড় ভাই’ বা প্রভাবশালী নেতার দাপট চলতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষ নিজ এলাকায় নির্ভয়ে ও সগৌরবে চলাচল করতে পারবেন।

ডা. তাসনিম জারা নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পোস্টে মাঠের রাজনীতিতে পেশিশক্তির চেয়ে তথ্যের শক্তির গুরুত্বের উপর জোর দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক প্রভাবশালীদের মোকাবিলা কিভাবে করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সবসময় পেশিশক্তি প্রয়োজন হয় না। বরং অন্যায়ের ‘রাজনৈতিক মূল্য’ বা পলিটিক্যাল কস্ট বাড়িয়ে দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল।

তিনি বলেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা জনসম্মুখে নিজেদের অপকর্ম প্রকাশ হয়ে যাওয়া সবচেয়ে বেশি ভয় পায়। কোনো অন্যায়ের ঘটনা নিখুঁতভাবে নথিভুক্ত করে জনসমক্ষে তুলে ধরলে রাজনৈতিক দলগুলোর ওপরও জনমতের চাপ তৈরি হয় এবং তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে বাধ্য করা যায়।

এ প্রসঙ্গে নিজের দুটি বিশেষ সক্ষমতার কথাও উল্লেখ করেন ডা. তাসনিম জারা। প্রথমত, যথাযথ তথ্য ও প্রমাণ সংগ্রহ ও উপস্থাপনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা; দ্বিতীয়ত, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার শক্তিশালী নিজস্ব প্ল্যাটফর্ম।

ফুটবল প্রতীকের এই প্রার্থী আরও বলেন, অন্যায়ের ঘটনাগুলোকে ‘পাবলিক রেকর্ড’ হিসেবে রূপান্তর করলে সাময়িকভাবে পেশিশক্তি দিয়ে দাপট দেখানো গেলেও তথ্য ও জনমতের মাধ্যমে তৈরি সামাজিক চাপ উপেক্ষা করা সম্ভব নয়। বিশ্বের সবচেয়ে কঠোর একনায়করাও জনমতের এই শক্তি উপেক্ষা করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।

ডা. তাসনিম জারা শেষপর্যন্ত ঢাকা-৯ আসনের ভোটারদের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button