এদেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে তা শুধুমাত্র দেশের জনগণ নির্ধারণ করবে। বিদেশি ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং এ দেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্টের পরে যারা চাঁদাবাজি, জমি দখল ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারা বাংলাদেশের ‘নতুন জালেম’। ১২ ফেব্রুয়ারি এই জালেমদের রুখে দেওয়ার দিন। আমাদের লড়াই শুধু কক্সবাজার-২ আসনের জন্য নয়, পুরো দেশে ১১ দলীয় ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করছে, দেশকে দুর্নীতিবাজ, লুটেরাদের হাত থেকে মুক্ত করার জন্য।”
জনসভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জাতিকে রক্ষার জন্য একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি। যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হয়, তবে জাতি তা মেনে নেবে না। সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা নিয়ে দেশকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র ও সকলের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জাতি সঠিক সিদ্ধান্ত নেবে। জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে আহ্বান জানাই।”



