রাজনীতি

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড হবে: জামায়াতে আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, লুটেরা, ব্যাংক ডাকাত ও শেয়ারবাজার লুণ্ঠনকারীরা দেশের প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, “আল্লাহ যদি আমাদের সাহায্য করেন এবং সামর্থ্য দেন, তাহলে ওদের মুখের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে সেই টাকা বের করে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।” তিনি আরও বলেন, যে এলাকা যত বেশি বঞ্চিত, উন্নয়ন কর্মকাণ্ড আগে সেখানেই পরিচালিত হবে এবং যার যেটা প্রাপ্য, তাকে সেটাই দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামি এমন ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়, যেখানে অপরাধীর পরিচয় অনুযায়ী বিচারের মানদণ্ড বদলাবে না। “একজন সাধারণ মানুষ কোনো অপরাধ করলে যে শাস্তি পায়, একই অপরাধে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও হলে তাকেও ছাড় দেওয়া যাবে না। সবাইকে একই বিচারের আওতায় আনাই প্রকৃত ন্যায়বিচার,” বলেন তিনি। জাতি এমন বিচার দেখার জন্য মুখিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

লুটেরাদের বিরুদ্ধে জনগণ প্রস্তুত রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, যারা অতীতে দেশের টাকা লুট করেছে, তারা এখনো একই কাজ করে যাচ্ছে। “১২ তারিখ দেশের সাড়ে ১২ কোটি ভোটার তাদের জন্য সাড়ে ১২ কোটি লাল কার্ড প্রস্তুত করে রেখেছে,” বলেন তিনি।

যুব সমাজকে দেশ গড়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের তরুণরা দেশকে সোনার বাংলাদেশে পরিণত করার সক্ষমতা রাখে, কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। “আমরা ইনশাআল্লাহ সেই সুযোগ নিশ্চিত করবো,” বলেন তিনি।

নির্বাচিত হলে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা খাতে বড় উদ্যোগ নেওয়ার কথাও জানান জামায়াত আমির। তিনি বলেন, পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসাসেবা দেওয়া হবে। একই সঙ্গে ৬০–৬৫ বছর বয়সের পর বয়স্ক নাগরিকদের স্বাস্থ্যসেবার পূর্ণ দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।

জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম রনি এবং জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button