বাংলাদেশ

ভোলার মনপুরায় যৌথ বাহিনীর হাতে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

ভোলার মনপুরা উপজেলায় আলাউদ্দিন শিকদার (৪৭) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় মনপুরা নৌবাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন। আটকের সময় তিনি ওই বাসায় রোগী দেখছিলেন। পরে তাঁকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দিন শিকদার চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ ইউনিয়নের মৃত কয়ছরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন নিজেকে এমবিবিএস চিকিৎসক এবং মেডিসিন, চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। তিনি ব্যবস্থাপত্রে বিভিন্ন ভুয়া ডিগ্রির উল্লেখ করলেও চিকিৎসকদের নিবন্ধনকারী সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো নিবন্ধন নম্বর ব্যবহার করতেন না। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিবন্ধনসংক্রান্ত কোনো তথ্য দেখাতে ব্যর্থ হন।

অভিযোগ রয়েছে, গত দুই বছর ধরে তিনি মনপুরা, চর মোজাম্মেল ও চর কলাতলি এলাকায় চেম্বার খুলে বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ অসহায় ও হতদরিদ্র মানুষের কাছ থেকে ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চুক্তিভিত্তিক অর্থ আদায় করেছেন।

এ বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, ভুয়া চিকিৎসকদের বিষয়ে সাধারণ মানুষের সচেতন থাকা অত্যন্ত জরুরি। ভুয়া চিকিৎসকেরা স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা নষ্ট করে এবং পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

খবরের সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ ভূঁইয়া আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আলাউদ্দিন শিকদারকে ভোলার আদালতে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button