মাঘ মাসে যদি মাথা গরম করেন চৈত্র মাস এলে কী করবেন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “মাঘ মাসেই যদি মাথা গরম করেন, তাহলে চৈত্র মাসে কী করবেন? মাথা ঠান্ডা রাখুন। মানুষ কী ভাবছে, কান পেতে শুনুন। দেশ বাঁচলে আপনিও বাঁচবেন। এই ভোট আগামীতে ইনসাফের প্রতীক হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “নারীদের হুমকি দেওয়া, গায়ে হাত তোলা—এসব বন্ধ না করলে তাদের মনে করিয়ে দিতে চাই, জুলাইয়ের ১৫ তারিখে মেয়েদের গায়ে হাত দেওয়ার ঘটনায় যেভাবে যুবক ভাইয়েরা গর্জে উঠেছিল, আবারও তারা বিস্ফোরিত হবে। মায়ের অপমান এ দেশের মানুষ সহ্য করবে না।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে নওগাঁ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “কোনো পরিস্থিতিতেই যারা মুসলমান নন, তারা কেন ভয়ের সংস্কৃতিতে থাকবে? সেই ভয়ভিত্তিক পরিবেশ আমরা গুঁড়িয়ে দিতে চাই। এ দেশ আমাদের সবার। সবাইকে নিয়েই আমরা সামনে এগোব।”
সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, “সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশের সাঁওতাল পল্লীতে (গাইবান্দার সাহেবগঞ্জে) কী করেছে, আপনারা কি দেখেননি? তারা কি আমাদের ভাই-বোন নয়? তারা কি এ দেশের নাগরিক নয়? আমরা কথা দিচ্ছি—সবাইকে বুকে ধারণ করেই আমরা সামনে এগোব এবং সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব।”
নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, “মায়েদের জন্য ঘরে, চলাচলে ও কর্মস্থলে—সব জায়গায় মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস পাবে না নারী জাতির কারও দিকে চোখ তুলে তাকানোর। সেই পরিবেশ আমরা তৈরি করব। এই দৃশ্য দেখে অনেকে আজ বেসামাল হয়ে পড়েছে।”
তিনি বলেন, “শুধু রাজার ছেলে রাজা হবে—এই বংশানুক্রমিক রাজনীতি চলবে না। আজ যে মানুষটি কঠোর পরিশ্রম করে রিকশা চালান, নুন আনতে পান্তা ফুরায়—তার সন্তানের মধ্যেও যে মেধা আছে, সেই মেধাকে বিকশিত করে যেন আগামীর প্রধানমন্ত্রী উঠে আসে। এভাবেই জমিদারি প্রথার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে।”
ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, “চাঁদাবাজি আমরা করি না, কাউকে করতেও দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। দুর্নীতিবাজদের বগলের নিচে আশ্রয় দেওয়া হবে না। ব্যাংক ডাকাতি আমাদের কাজ নয়, কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসও হবে না। মামলাবাজি আমাদের সংস্কৃতি নয়। যারা মামলা বাণিজ্য করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”
নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী আব্দুর রাকিবের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-১ আসনের প্রার্থী মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের প্রার্থী এনামুল হক, নওগাঁ-৩ আসনের প্রার্থী মাহফুজুর রহমান, নওগাঁ-৬ আসনের প্রার্থী খবিরুল ইসলাম, ডাকসুর জিএস এস এম ফরহাদ, ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ অন্যান্য নেতারা।



