হাতপাখার কর্মীকে পিটিয়ে আইফোন ছিনতাই, প্রতিবাদে বিক্ষোভ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত ওই কর্মীর নাম আনোয়ার হোসেন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁর কাছ থেকে একটি আইফোন মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ্ নুরুল কবির শাহিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে হামলার ঘটনায় আহত আনোয়ার হোসেন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সোহাগ সওদাগর (৩০)সহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার শিমুলতলা মোড়ে নির্বাচনী প্রচারণা শেষে আনোয়ার হোসেন প্রতিবেশী ও হাতপাখার কর্মী মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে চা পান করছিলেন। এ সময় অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আনোয়ার হোসেনের বাম হাত ভেঙে যায় এবং তাঁর সঙ্গে থাকা একটি আইফোন মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শাহ্ নুরুল কবির শাহিন বলেন, একটি বিশেষ মহল ও একটি দলের কর্মীরা ভোটারদের মধ্যে কালো টাকা বিতরণ করছিল। এ সময় হাতপাখার কর্মীরা সেই ঘটনা ভিডিও ধারণ করলে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে আনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয় এবং ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধারসহ হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। মাঠপর্যায়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



