বাংলাদেশ

হাদি হ/ত্যা তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনারের দপ্তরের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে সুযোগ পাওয়া মাত্রই জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনারের দপ্তরকে এ ঘটনার তদন্তে সম্পৃক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button