বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় শেষের পথে। তিনি মনে করেন, সংস্কার ও বিচারের যে সুযোগ ছিল, তা ইতোমধ্যে শেষ হয়ে গেছে এবং এখন সরকারের প্রধান দায়িত্ব হলো একটি ভালো নির্বাচন আয়োজন করা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এক হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনি অংশগ্রহণ নিয়ে করা একটি জরিপের ফলাফল তুলে ধরা হয়, যেখানে দেখা যায়—অর্ধেকের বেশি অংশগ্রহণকারী নির্বাচন নিয়ে উদ্বিগ্ন এবং এক-চতুর্থাংশের বেশি মানুষ নিজেকে অনিরাপদ মনে করেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের কথার সঙ্গে কাজের মিল নেই এবং আসন্ন নির্বাচন এখনো যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। তবে নারী, সংখ্যালঘু ও ভিন্নমতের মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক করা সম্ভব। ভোটের আগে ও পরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি সরকারের শেষ ভালো কাজের সুযোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বদিউল আলম মজুমদার ও অর্থনীতিবিদ সেলিম জাহান।

সংশ্লিষ্ট খবর

Back to top button