নতুন রাজনীতির কথা বলার চেষ্টা করছি: জারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, মানুষের ভোগান্তির কথা ভেবে তিনি এলাকায় মাইকিং বা শোডাউন করছেন না। তার মতে, মাইকিং, মহড়া কিংবা ডিজিটাল ব্যানারে শহর ভরে ফেলা জনসেবার রাজনীতি নয়। তাই তিনি অলিগলি, বাজার, মহল্লা ও বাসায় বাসায় গিয়ে সরাসরি মানুষের সঙ্গে কথা বলছেন এবং নতুন রাজনীতির ধারণা তুলে ধরছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মানিকনগর বিশ্বরোড এলাকায় গণসংযোগের সময় তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অল্প সময়ে নিজের প্রতীক মানুষের কাছে পরিচিত করানো বড় চ্যালেঞ্জ। তবে নারী প্রার্থী হওয়ায় অনেক নারী স্বচ্ছন্দে তার কাছে নিজেদের সমস্যা তুলে ধরছেন, যা তার জন্য বড় প্রাপ্তি।
তিনি জানান, রাজনীতিতে নারীদের জন্য বড় একটি সমস্যা হলো সাইবার বুলিং। শুধু তিনিই নন, জনজীবন ও রাজনীতিতে সক্রিয় প্রায় সব নারীই এর শিকার হচ্ছেন। রাজনীতির মাঠকে নারীদের জন্য নিরাপদ করতে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
ডা. জারা বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, পার্কগুলোতে হাঁটার পরিবেশ উন্নত করা এবং সেবা সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনতে সংসদ সদস্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচিত হলে সিটি করপোরেশন, তিতাস ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা তার দায়িত্ব হবে।
তিনি আরও বলেন, সংসদে যেতে পারলে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে খসড়া আইন প্রস্তাব করবেন। গ্যাস সরবরাহ ব্যর্থ হলে বিল মওকুফ, ন্যায্য দামে এলপিজি সরবরাহ এবং গ্যাস সিলিন্ডারের দামে সিন্ডিকেট হলে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করবেন।
ডা. তাসনিম জারা বলেন, তিনি পেশাদার রাজনীতিবিদ নন। জুলাই গণঅভ্যুত্থান পেশাজীবীদের রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছে। তার মতে, নির্বাচন ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গা নয়; এটি আদর্শ ও কর্মপরিকল্পনা উপস্থাপনের ক্ষেত্র। যোগ্য প্রার্থী যত বেশি থাকবে, ভোটারদের সামনে তত ভালো বিকল্প থাকবে।



