রাজনীতি

ঢাকা ১৮ আসন থেকে যে কারণে সরে দাঁড়ালেন মান্না

নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ঢাকা-১৮ ও বগুড়া-২—এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মান্না। তবে শেষ মুহূর্তে এসে ঢাকা-১৮ আসনের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।

ফেসবুক পোস্টে নাগরিক ঐক্যের সভাপতি জানান, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ এক পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২—উভয় আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, ঢাকা-১৮ একটি অত্যন্ত বড় নির্বাচনী এলাকা, যেখানে সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছেন।

ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ানোর পেছনে মূল কারণ হিসেবে তিনি নির্বাচনী ব্যয়ের বিষয়টি তুলে ধরেন। মান্না বলেন, নির্বাচনের খরচ এতটাই বেশি যে তা বহন করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণেই তিনি ঢাকা-১৮ আসন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে কেউ কষ্ট পেলে তিনি দুঃখ প্রকাশ করেন বলেও জানান।

অন্যদিকে, বগুড়া-২ আসনে তিনি সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন এবং সেখান থেকেই নির্বাচনে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button