
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনা থেকে মাছ ধরে ফেরার পথে পাঁচ জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে নাইক্ষ্যংদ্বীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর নৌকাটি মাছ শিকার শেষে ফেরার সময় আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়।
অপহৃতরা হলেন—শাহেদ, শাহ আলম, আমীর আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন, তাদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান বলেন, পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফিরছিল। হঠাৎ একটি স্পিডবোটের শব্দ শোনা যায়। পরে আরাকান আর্মির সদস্যরা একটি নৌকা ঘিরে পাঁচ জেলেকে তুলে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়। অন্য নৌকাগুলো দ্রুত নিরাপদে ফিরে আসে।
স্থানীয়দের ভাষ্য, মাছ ধরে ফেরার সময় মিয়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে আসতে হয় বলে প্রায়ই এমন ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অপহৃতদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।



