যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ই/স/রা/য়ে/লে/র: মার্কিন রাষ্ট্রদূত

পশ্চিম জেরুজালেমে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি দাবি করেছেন, বাইবেলের বর্ণনা অনুযায়ী প্রায় পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইসরায়েলের অধিকার রয়েছে। সাংবাদিক টাকার কার্লসন–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব বিশ্বের বিভিন্ন দেশ।

রুশ সংবাদমাধ্যম RT–এর প্রতিবেদনে বলা হয়েছে, হাকাবি আগে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আরকানসাস–এর গভর্নর ছিলেন। ২০২৫ সালের এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইসরায়েলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ৭০ বছর বয়সী এই রাজনীতিক একজন ব্যাপ্টিস্ট ধর্মযাজক এবং নিজেকে খ্রিষ্টান জায়নবাদী হিসেবে পরিচয় দেন।

সাক্ষাৎকারে হাকাবি বলেন, জায়নবাদ বলতে তিনি এমন বিশ্বাসকে বোঝান—ইহুদিদের একটি নিজস্ব মাতৃভূমি থাকা উচিত, যেখানে তারা নিরাপদে বসবাস করতে পারে। তিনি দাবি করেন, ইসরায়েলের অস্তিত্বের অধিকার বাইবেল থেকে এসেছে এবং ঈশ্বর ইব্রাহিমের মাধ্যমে যে ভূমি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ইসরায়েলের ন্যায্য অধিকার।

জবাবে কার্লসন ‘আদিপুস্তক’ (বুক অব জেনেসিস) অনুযায়ী ইউফ্রেটিস (ফোরাত) নদী থেকে নীলনদ পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের প্রসঙ্গ তোলেন। হাকাবি বলেন, এর অর্থ প্রায় পুরো লেভান্ত অঞ্চল—যার মধ্যে ইসরায়েল, জর্ডান, সিরিয়া, লেবানন, পাশাপাশি সৌদি আরব ও ইরাকের বড় অংশ অন্তর্ভুক্ত হতে পারে। তবে তিনি যোগ করেন, বর্তমানে তারা সে বিষয়টি নিয়ে কথা বলছেন না।

এদিকে গাজায় চলমান যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য। পাশাপাশি পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, লেবানন ও সিরিয়ায় সামরিক অভিযান এবং ইরান ও ইয়েমেনে হামলার ঘটনাও আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয়েছে।

হাকাবির বক্তব্যের নিন্দা জানিয়ে ২২ সদস্যের জোট আরব লিগ একে ‘চরমপন্থী’ আখ্যা দিয়েছে। সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল গেইত–এর মুখপাত্র বলেন, এ ধরনের মন্তব্য কূটনীতির মৌলিক নীতির পরিপন্থী এবং উত্তেজনা বাড়ায়।

৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) একই ধরনের প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্যটিকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেছে। জর্ডান, মিসর, সৌদি আরব, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষও এ বক্তব্যের নিন্দা জানিয়েছে।

সম্প্রতি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীরের বড় অংশকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা দেওয়ার একটি পরিকল্পনা অনুমোদন করেছে—যা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর এই প্রথম এমন পদক্ষেপ। মুসলিম দেশগুলো এ সিদ্ধান্তেরও নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button