
চব্বিশের জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক–এর বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারিক প্যানেলে মামলাটির সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, ১০ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।
প্রসিকিউশন পক্ষ জানায়, জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের মধ্যে ফোনালাপ হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, কারফিউ জারি এবং মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমনের একটি পরিকল্পনা বা ‘নীলনকশা’ প্রণয়ন করেছিলেন তারা। এ মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন।
এছাড়া একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলারও শুনানি রয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনু–র এক সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন। ইতোমধ্যে সালমান, আনিসুল ও ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার হন। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।



