ঝিনাইদহে সংসদ সদস্যের পদক্ষেপে মুহূর্তেই বন্ধ চাঁদা আদায়

সড়কে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান ও আলমসাধু (স্থানীয় যান) চালকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দেন।
ভুক্তভোগী চালকেরা জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কে একদল ব্যক্তি টোলের নামে জোরপূর্বক অর্থ আদায় করে আসছিল। শনিবার সকালে বাসস্ট্যান্ডে চাঁদা তোলার খবর পেয়ে সেখানে উপস্থিত হন সংসদ সদস্য আবু তালিব। তিনি ঘটনাস্থল থেকে রসিদ জব্দ করেন এবং তাৎক্ষণিকভাবে চাঁদা আদায় বন্ধের ঘোষণা দেন।
সংসদ সদস্য বলেন, প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে এক টাকাও আদায় করা যাবে না। দীর্ঘদিন ধরে ভ্যান, রিকশা, ইজিবাইক, আলমসাধু ও নছিমনচালকদের কাছ থেকে প্রভাবশালী একটি চক্র নিয়মিত চাঁদা তুলছিল বলে অভিযোগ ছিল। ঘটনাস্থলে গিয়ে তিনি আদায়কারীদের কাছে বৈধ কাগজপত্র চান, কিন্তু তারা কোনো সরকারি অনুমোদন দেখাতে পারেননি।
তিনি আরও বলেন, খেটে খাওয়া মানুষের ঘামের টাকায় পকেট ভারী করার সুযোগ আর দেওয়া হবে না। এখন থেকে ওই স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না।



