বাংলাদেশ
ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন? আবেদনে যা লাগবে

দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য সামাজিক সুরক্ষা জোরদার করতে নতুন উদ্যোগ হিসেবে চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে থাকা পরিবারগুলোর আর্থিক সহায়তা বাড়াতে নতুন সরকার এই পরিকল্পনা নিয়েছে।
ফ্যামিলি কার্ডের লক্ষ্য ও সুবিধা
- নির্বাচিত পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
- সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়নে সহায়ক হবে।
- বিদ্যমান সামাজিক ভাতার তুলনায় এই কার্ডে সহায়তার পরিমাণ বেশি রাখার পরিকল্পনা রয়েছে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আবেদন প্রক্রিয়া ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনা
- জাতীয় পরিচয়পত্রের (NID) ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে।
- এতে উপকারভোগীদের তথ্য সংরক্ষণ করা হবে, যাতে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীর সুযোগ কমে।
- প্রথমে সীমিত পরিসরে পাইলট প্রকল্প চালু হবে।
- পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা চূড়ান্ত করে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
আবেদন করতে যা লাগবে
যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, প্রাথমিকভাবে যেসব কাগজ প্রস্তুত রাখতে বলা হয়েছে—
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- সচল মোবাইল নম্বর
কোথায় আবেদন করবেন
পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে আবেদন ফর্ম পাওয়া যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
প্রতি পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মাসিক নগদ সহায়তা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।



