
লোহাগাড়ার বটতলী শহরে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বটতলী স্টেশন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ‘পরিচ্ছন্ন অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে সড়ক পরিষ্কার কার্যক্রমে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতা ইমানের অংশ। দলটির আমির ডা. শফিকুর রহমান–এর আহ্বানে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, লোহাগাড়া ও সাতকানিয়াকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব এলাকায় রূপান্তর করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালানো হবে।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও বটতলী শহর জামায়াতের আমির অধ্যাপক জালাল আহমদ। এছাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নরুল আলম, বটতলী শহর শাখার সেক্রেটারি ডাক্তার আক্তার আহমদ, মাওলানা আকতারুল কামালসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
অভিযানে অংশ নিয়ে তারা বটতলী স্টেশন সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।



