
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। মা নুরজাহান আক্তার রানীর মৃত্যুর পর এবার তার ১৬ বছর বয়সী ছেলে শাওনও মারা গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, শাওনের শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাওনের মা, ৪০ বছর বয়সী নুরজাহান আক্তার রানী মারা যান। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুজনে। একই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের আরও কয়েকজন সদস্য। তাদের মধ্যে সাখাওয়াত ও আশুরা আক্তার পাখির শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। শিপন হোসাইনের ৮০ শতাংশ, সামির আহমেদের ৪৫ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ, উম্মে আইমান স্নিগ্ধার ৩৮ শতাংশ এবং ফারহান আহমেদ আনাছের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকদের মতে, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
সোমবার ভোর ৫টার দিকে হালিশহর এলাকার এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৫টা থেকে পর্যায়ক্রমে দগ্ধদের ঢাকায় এনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। মর্মান্তিক এ ঘটনায় স্বজনদের আহাজারি আর উদ্বেগে ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর।



