বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন আলোচিত ডাকসুর ভিপি প্রার্থী শামীম

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে শামীম জানান, বিশ্ববিদ্যালয়টির ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে ‘লেকচারার’ পদে তিনি যোগ দিয়েছেন। তিনি আলহামদুলিল্লাহ উল্লেখ করে নতুন দায়িত্ব শুরুর কথা জানান।
শামীম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ–সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন। ভিপি পদে তিনি ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছিলেন।
কোনো বড় রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন না করে, সুন্দর বাচনভঙ্গি ও ভিন্নধর্মী ইশতেহার দিয়ে তিনি শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছিলেন। এবার বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।



