ট্রাম্পের হস্তক্ষেপে প্রাণ বাঁচল ৩৫ মিলিয়ন মানুষের!
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতার কৃতিত্ব দাবি করেছেন। কংগ্রেসে দেওয়া তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি বলেন, তার হস্তক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়ানো গেছে।
কংগ্রেস সদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, “পরিস্থিতি পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। পাকিস্তান ও ভারত পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আমার সম্পৃক্ততা না থাকলে ৩৫ মিলিয়ন মানুষ মারা যেতে পারত।”
তিনি আরও বলেন, “আমরা দেশে ও বিদেশে আমেরিকানদের জন্য নিরাপত্তা ফিরিয়ে আনছি। আমার প্রথম দশ মাসে আমি আটটি যুদ্ধ শেষ করেছি… পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারত।”
২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের পর থেকে ট্রাম্প একাধিকবার দাবি করে আসছেন, তার প্রশাসনের উদ্যোগেই দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়েছে। তিনি বলেন, বাণিজ্য চুক্তি ও শুল্কসংক্রান্ত পদক্ষেপের মাধ্যমে উভয় দেশকে উত্তেজনা না বাড়াতে চাপ দেওয়া হয়েছিল। তবে নয়াদিল্লি প্রকাশ্যে ট্রাম্পের এই দাবির সমর্থন করেনি।

গত বছরের ২২ এপ্রিল পহেলগামে এক হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। ওই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ইসলামাবাদে পাল্টা হামলা চালায়। যদিও অভিযোগ অস্বীকার করে পাকিস্তান। পরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় কয়েকদিন সংঘাত অব্যাহত থাকে।
পরবর্তীতে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং দাবি করেন, তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যস্থতা করেছেন।




