আন্তর্জাতিকঅন্যান্য

বাংলাদেশের ডিম-মুরগিতে সৌদির নিষেধাজ্ঞা!

বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে ডিম ও কাঁচা মুরগির মাংস আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে  সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)। একই সঙ্গে আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এসএফডিএ এক বিবৃতিতে জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো থেকে কাঁচা মুরগির মাংস ও ডিম আমদানি সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে তাপপ্রক্রিয়াজাত (হিট-প্রসেসড) মুরগির মাংস ও ডিমের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নাইজার, নাইজেরিয়া, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোত দিভোয়ার ও মন্টেনেগ্রো।

এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এসএফডিএ কর্মকর্তারা জানান, মূলত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের সংক্রমণ ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর উৎপাদক ও আমদানিকারকেরা যদি অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মান পূরণ করতে সক্ষম হন, সে ক্ষেত্রে পুনর্বিবেচনার সুযোগ থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button