ভারতে বিদ্যুৎ অফিসে নামাজ পড়ায় ৭ জনের বিরুদ্ধে পুলিশের মা/ম/লা

মহারাষ্ট্র-এর মালেগাঁও শহরে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের অফিসের ভেতরে নামাজ আদায়ের অভিযোগে সাতজন বাসিন্দার বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে।
গত সোমবার মালেগাঁও মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিদ্যুৎ দপ্তরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানাতে তারা অফিসে গিয়েছিলেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার জন্য দীর্ঘ সময় অপেক্ষার মধ্যে আসরের নামাজের সময় হয়ে গেলে তারা অফিসকক্ষের ভেতরেই নামাজ আদায় করেন। বুধবার ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
মিউনিসিপ্যাল কর্মী মহেন্দ্র রঘুনাথ সাওয়ান্তের অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩২ (সরকারি কর্মচারীর কাজে বাধা), ২৯২ (জনবিরক্তি), ১৮৯ (বেআইনি সমাবেশ) ও ১৯০ ধারায় মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে জোরপূর্বক অবস্থান করেছেন।
অভিযুক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিকেল ৩টার দিকে সমস্যার সমাধানের জন্য সেখানে গিয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর নামাজের সময় হয়ে গেলে বাইরে গেলে কর্মকর্তার সঙ্গে দেখা না হওয়ার আশঙ্কায় তারা সেখানেই নামাজ আদায় করেন। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে কোনো নিয়ম ভাঙার উদ্দেশ্য ছিল না।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নেতা কিরীট সোমাইয়া এটিকে “অবৈধ” বলে সমালোচনা করেছেন। রাজ্য মন্ত্রী নিতেশ রানে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। মালেগাঁওয়ের পৌর কমিশনার রবীন্দ্র যাদব জানিয়েছেন, অফিসে বিশৃঙ্খলার অভিযোগের ভিত্তিতেই পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে এবং আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঘটনাটি বর্তমানে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দ্য অবজারভার পোস্ট।



