বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

‘প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, “আই হ্যাভ এ প্ল্যান” এবং তা বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু করেছেন। তিনি একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত পর্যবেক্ষণ করছেন এবং সেভাবেই কাজ আদায় করছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে বক্তব্যে ইসমাইল জবিউল্লাহ বলেন, এই দৃষ্টিভঙ্গি সারা বিশ্বের মধ্যে চমকপ্রদ ও ব্যতিক্রমধর্মী এবং এটি বাংলাদেশের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি আশা প্রকাশ করেন, দেশের উজ্জল ভবিষ্যৎ তৈরি হবে।

উপদেষ্টা আরও বলেন, অতীত দেড় দশকে বাংলাদেশে জনপ্রশাসন দলীয়করণের কারণে দক্ষতা ও নিরপেক্ষতা হারিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পলিসি অনুযায়ী একটি দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলা হবে, যা জনগণের সেবক হিসেবে কাজ করবে।

তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে পরিস্থিতি ভিন্ন ছিল, তবে নির্বাচনের পর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাই এখন দায়বদ্ধতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার দায়িত্ব সবার ওপর এসেছে।

লক্ষ্মীপুর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মহসিন কবির স্বপন। এছাড়া লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল ও অন্যান্য সদস্যরাও ফুলেল শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button