গয়না ও হাতে আলতা পরে রাশমিকার থেকে বেশি নজর কাড়লেন বিজয়

দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী সিনেমার প্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি আঞ্চলিক ঐতিহ্য—অন্ধ্র ও কোডাভা রীতি মেনে অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাদের বিয়ের ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। ছবিতে বিজয় ও রাশমিকাকে দক্ষিণী সংস্কৃতির ঐতিহ্যবাহী সাজে দেখা গেছে। বিশেষ করে তাদের গালে থাকা কালো তিল ভক্তদের নজর কেড়েছে, যা দক্ষিণী বিয়ের একটি প্রাচীন প্রথা।
রাশমিকা মান্দানা তার বিয়ের জন্য বেছে নিয়েছিলেন বিখ্যাত ডিজাইনার অনামিকা খান্নার তৈরি লাল পাড়ের বিশেষ শাড়ি। শাড়িতে ফুটেছে হায়দ্রাবাদের ঐতিহাসিক স্থাপত্য ও জ্যামিতিক নকশার সংমিশ্রণ। সঙ্গে পরেছিলেন রাজকীয় চোকার, হার ও ঝুমকা। হালকা মেকআপ ও লাল টিপের সাধারণ সাজে রাশমিকাকে উজ্জ্বল ও সৌন্দর্য্যবর্ধক দেখাচ্ছিল।
অন্যদিকে, বিজয় দেবরাকোন্ডা পরেছেন ঐতিহ্যবাহী সাদা ধুতি ও লাল উত্তরীয়। হাতে ও পায়ের আঙুলে আলতা, কপালে বাসিকমসহ তার সাজ ছিল দক্ষিণ ভারতের বীর যোদ্ধাদের ঐতিহ্যের স্মারক।
বিজয় ও রাশমিকার এই বিয়ে কেবল দুই তারকার মিলন নয়, বরং দক্ষিণী সংস্কৃতির এক উজ্জ্বল উদযাপন হিসেবে বিবেচিত হচ্ছে। রাজকীয় সাজসজ্জা, আবেগঘন মুহূর্ত এবং ঐতিহ্যবাহী রীতি অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় করে তুলেছে।



