
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। সরকারের লক্ষ্য এই প্রকল্পটি সুন্দরভাবে এবং দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “বিগত সময়ে হাওরের বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি ও অনিয়ম দেখা গেছে। আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে এই প্রকল্পের তদারকি করব। খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণ—সব ক্ষেত্রে কেউ যেন দুর্নীতি করতে না পারে, সে জন্য সরকারের সতর্ক নজর থাকবে।”
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় কৃষকদের সবসময় খোঁজ রাখছেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ কলিম উদ্দিন মিলন এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।



