ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বগুড়া সফর হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে এ তথ্য নিশ্চিত করেন।
ফ্যামিলি কার্ড পরীক্ষামূলকভাবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিতরণ শুরু হবে। ইতোমধ্যে সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসন পৃথক কমিটি গঠন করেছে, পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি করা হয়েছে। কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। সুবিধা মূলত দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের জন্য।
পরীক্ষামূলকভাবে চার মাসের পাইলট প্রকল্প চলার পর ধাপে ধাপে এটি অন্যান্য উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।



