বাংলাদেশ

মোবাইল কিনে না দেওয়ায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়লো কিশোর

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় সুমন হোসেন (১৫) নামে এক কিশোর পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

সুমন ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে। পরিবারের ভাষ্য অনুযায়ী, বাকপ্রতিবন্ধী সুমন কয়েক দিন ধরে মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করছিল। শুক্রবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে প্রায় ৩০ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে উঠে যায়।

স্থানীয়রা বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানালে সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

তানোর ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল রউফ জানান, প্রথমে কিশোরটি নামতে রাজি হচ্ছিল না। পরে তাকে মোবাইল কিনে দেওয়ার আশ্বাস দিলে সে নিচে নামে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে কিশোরটি সুস্থ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button