
জাতীয় নির্বাচনে দলীয় অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট জেলা জামায়াত আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে তাদের ‘হক’ কেড়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি জনগণের কাছে স্পষ্ট। তবে সংসদীয় রাজনীতিতে এটিকে জামায়াতের প্রথম বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি দাবি করেন, দেশে এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে অর্থবহ ঐক্য গড়ে উঠেছে এবং প্রধান বিরোধী দলের অবস্থান অর্জন একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ভবিষ্যতে সম্মিলিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। এতে জেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শিবিরে প্রশিক্ষণমূলক আলোচনা, মতবিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠিত হয়। আয়োজকদের আশা, এ আয়োজন সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে।



