ইফতারের ‘নতুন রাজধানী’ বেইলি রোড, ভাঙছে চকবাজারের একচেটিয়া আধিপত্য

ঢাকার ইফতার সংস্কৃতির মানচিত্রে নতুন আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে বেইলি রোড। এক সময় ইফতার মানেই ছিল পুরান ঢাকার চকবাজার—ঐতিহ্য, ভিড় আর উৎসবমুখর পরিবেশের একচ্ছত্র আধিপত্য। তবে এখন স্বাস্থ্যসচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক উপস্থাপনায় বেইলি রোড সমানতালে পাল্লা দিচ্ছে, অনেকের কাছে হয়ে উঠছে ইফতারের ‘নতুন রাজধানী’।
রমজানের ৯ম দিনে সরেজমিনে দেখা গেছে, বিকেল গড়াতেই ফুটপাত ও রেস্তোরাঁর সামনে ক্রেতাদের ভিড় বাড়ছে। হালিম, খাসির রোস্ট, গরুর রেজালা, মোরগ পোলাও, কাবাব, রোল—সব মিলিয়ে তৈরি হয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। ইফতারের এক ঘণ্টা আগে অনেক দোকানে সিরিয়াল ধরে দাঁড়াতে দেখা যায় ক্রেতাদের। ব্যবসায়ীরা জানান, ৫-৭ রমজানের পর থেকেই চাপ বাড়তে শুরু করে, আর ছুটির দিনে বিক্রি প্রায় দ্বিগুণ হয়।
“মানুষ এখন শুধু স্বাদ নয়, নিরাপত্তাও দেখে”
বেইলি রোডের জনপ্রিয় রেস্তোরাঁ নবাবী ভোজ–এর সত্তাধিকারী কামরুল হাসান চৌধুরী বলেন, তারা মূলত পুরান ঢাকার ঐতিহ্যবাহী আইটেমই পরিবেশন করছেন, তবে পার্থক্য পরিবেশ ও উপস্থাপনায়।
তার ভাষায়, “খোলা জায়গার বদলে নিয়ন্ত্রিত পরিবেশে রান্না ও পরিবেশন করা হয়। গরম খাবার গরমই দিচ্ছি—এটা নিশ্চিত করি।”
দামের বিষয়ে তিনি বলেন, ভালো মানের মাংস, ঘি ও মসলার দাম বেড়েছে। মান বজায় রাখতে গিয়ে দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা তা মেনে নিচ্ছেন।
দাম বেশি, তবে মান ও ভ্যারাইটিতে সন্তুষ্ট অনেকে
ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন দাম তুলনামূলক বেশি, তবে পরিষ্কার পরিবেশ ও বৈচিত্র্যের কারণে এক জায়গায় সব পাওয়া যায়।
কিমা পরোটা ১৫০ টাকা, চিকেন মালাই কাবাব ১২০ টাকা, বারবিকিউ চিকেন রোল ১৬০ টাকা, হালিম ৩০০–৬০০ টাকা। খাসির রেজালা কেজিপ্রতি ২,৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এ ওয়ান ফুড–এ প্রায় ৩০টির বেশি আইটেম রয়েছে। এখানে হালিমের সামনেই সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। দীর্ঘদিনের ক্রেতা শফিকুল ইসলাম জানান, “প্রতিবছর স্বাদের ধারাবাহিকতা পাই বলেই আসি। এখন লাইনে দাঁড়াতে হয়।”
ঐতিহ্য বনাম আধুনিকতা
অনেকের মতে, চকবাজারের ঐতিহ্য ও উৎসবমুখর পরিবেশ এখনও অটুট। তবে যানজট ও অতিরিক্ত ভিড় এড়াতে অনেকেই বেইলি রোডকে বেছে নিচ্ছেন।
মগবাজারের এক বাসিন্দা বলেন, “প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন পরিবার নিয়ে আসি। বেইলি রোড এখন এক ধরনের ব্র্যান্ড।”
সব মিলিয়ে বলা যায়, ঢাকার ইফতার সংস্কৃতিতে নতুন এক প্রতিযোগিতা তৈরি হয়েছে—ঐতিহ্যের চকবাজার আর আধুনিকতার বেইলি রোড। এই প্রতিযোগিতাই রাজধানীর খাদ্যসংস্কৃতিকে আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করে তুলছে।



