
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা Ayatollah Ali Khamenei–এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও Bangladesh Jamaat-e-Islami–এর আমির ড. Shafiqur Rahman। রোববার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোকবার্তা জানান।
পোস্টে তিনি লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”
রমজান মাসে হামলার ঘটনাকে কেন্দ্র করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি আরও সামরিক উত্তেজনার দিকে গেলে তা শুধু একটি দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে বলেও তিনি মন্তব্য করেন।
সবশেষে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। তার মতে, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।



