বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

জুলাই অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সোমবার (২ মার্চ) তিনি এই চিঠি প্রদান করেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন এবং পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি। এছাড়া এখনও তিনি অনুতপ্ত হয়ে কোনো বিবৃতি দেননি।

চিঠিতে আরও বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠ–এ দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শুধু জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেননি, বরং প্রকৃত সত্যকেও মিথ্যাভাবে উপস্থাপন করেছেন। তাই, তিনি তার শপথ ভঙ্গ করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে অব্যাহত থাকার কোনো আইনি অধিকার রাখেননি।

শেষে চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করা হয়েছে, জুলাই বিপ্লবের চেতনাকে রক্ষা করতে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংসদে অধিবেশন আহ্বান বা ভাষণ দেওয়ার অনুমতি না দেওয়ার ব্যবস্থা নিতে। এছাড়া বলা হয়েছে, এই অনুরোধ শুধুমাত্র ব্যক্তিগত নয়, জনগণেরও আকাঙ্খা প্রতিফলিত করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button