
স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর কোনো সন্ধান মিলছে না। মামলা নথিভুক্ত হওয়ার পর থেকেই তিনি কার্যত জনসমক্ষে অনুপস্থিত।
গত রোববার বিকেলে নেপাল থেকে তার দেশে ফেরার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে আসেননি। এমনকি স্ত্রী ইকরার শেষ বিদায়েও তার অনুপস্থিতি নিয়ে শোবিজ অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।
সামাজিক মাধ্যমে আলোচনা তীব্র
বর্তমানে আলভীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও আলোচনা বাড়ছে। অনেকেই তার বর্তমান অবস্থান জানতে চাইছেন।
অনুসন্ধানে দেখা গেছে, তার ফেসবুক আইডি বর্তমানে ডিজেবল। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও আগে সক্রিয়তা দেখা গেলেও এখন সেটি ডিঅ্যাকটিভ দেখাচ্ছে। ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া গেছে।
ঘটনার সময় নেপালে ছিলেন
ইকরার মৃত্যুর সময় আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন বলে জানা গেছে। পারিবারিক কলহের অভিযোগ নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
তবে এসব বিষয়ে আলভীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে।



